প্রকাশকালঃ ৫ মার্চ ২০২৬, রাত ৮:৫১ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।
পরাজিত বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিন উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ভোটের ফলাফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি জানান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার না পাওয়ায় হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দেন।