প্রকাশকালঃ ৫ মে ২০২৬, দুপুর ২:১৯ সময়

বিনোদন ডেস্ক:

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তার বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে। এবার জানা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি ও তার প্রেমিক রচিত সিং।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে বিয়ে করতে পারেন এই জুটি। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘরোয়া পরিবেশেই মূল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। পরে মুম্বই শহরে বড় পরিসরে রিসেপশন আয়োজনের কথাও জানা গেছে।
রচিত সিং চলচ্চিত্র জগতের পরিচিত অভিনয় প্রশিক্ষক। তিনি আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিং-এর মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছেন।
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয় ‘থাম্মা’ সিনেমার একটি প্রদর্শনীতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর। পরে সোনাক্ষী সিনহার বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে সেই জল্পনা আরও জোরালো করেন তারা। এছাড়া রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা যায়।
যদিও নিজের মুখে সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি হুমা, গত বছর সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকেই তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত হয়।
সবকিছু মিলিয়ে, বলিউডে আরও একটি তারকা বিয়ের অপেক্ষা এখন সময়ের ব্যাপার। আর সেই বিশেষ দিনের দিকেই তাকিয়ে আছেন ভক্তরা।
সূত্র: দ্য ওয়াল