প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ৪:৪২ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর-এ পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর মানবিক উদ্বেগ ও সহমর্মিতার আবহ। নিজের নাম “রুমি” বলতে পারলেও পরিবারের ঠিকানা জানাতে না পারায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবারে ফিরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও অস্পষ্ট তথ্যের কারণে তার স্বজনদের সন্ধান মিলছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী ওই তরুণী গত কয়েকদিন ধরে মুরাদনগর বাজারের আল্লাহ চত্বর এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। তার আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা থাকায় স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি মানসিকভাবে অসুস্থ।
শুক্রবার (১ মে) দিবাগত রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। পরে দ্রুত তাকে ভর্তি করা হয় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উদ্ধার হওয়া তরুণী নিজেকে “রুমি” হিসেবে পরিচয় দিলেও সুনির্দিষ্ট কোনো ঠিকানা বলতে পারছেন না। অস্পষ্টভাবে তিনি “ফরদাবাদ” এলাকার খালার বাড়ির কথা উল্লেখ করেছেন। পুলিশের ধারণা, দেওয়া তথ্যের ভিত্তিতে তার গ্রামের সম্ভাব্য অবস্থান হতে পারে কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকার “ইটখোলা”।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে তাকে একই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নাম জিজ্ঞেস করলে শুধু নিজের নামই বলতে পারতেন, তবে পরিবারের কোনো তথ্য দিতে পারেননি।
মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ বলেন, “তরুণী কয়েকদিন ধরে আল্লাহ চত্বরে অবস্থান করছিল। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তিনি কিছু অস্পষ্ট তথ্য দিয়েছেন, সেগুলোর ভিত্তিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “কেউ যদি মেয়েটির পরিবার বা পরিচয় সম্পর্কে কিছু জেনে থাকেন, তাহলে মুরাদনগর থানা অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
পরিচয়হীন এই তরুণীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা কামনা করা হয়েছে।