প্রকাশকালঃ ৩ মে ২০২৬, দুপুর ৪:১৯ সময়

বিনোদন প্রতিবেদক:
দুই বছর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নায়িকা মৌসুমী ও নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সেই সময়ের মতো এবারও বিষয়টি বাস্তব নয় বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত তাদের অভিনীত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরেই ওই গুঞ্জনের সৃষ্টি হয়েছিল।
প্রথমদিকে ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হলেও ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শেষ পর্যন্ত সিনেমা আকারে মুক্তি পাচ্ছে। আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।
চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন হাসান জাহাঙ্গীর। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি সাসপেন্স-থ্রিলারধর্মী গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মৌসুমী।
গল্পে দেখা যাবে, উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এক বাংলাদেশি নারী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর জটিলতায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে নানা সংকট, আবেগ ও বাস্তবতার মুখোমুখি হয়ে তার জীবনের ভিন্ন দিক উন্মোচিত হয়।
গত মার্চে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
হাসান জাহাঙ্গীর বলেন, বিদেশে গিয়ে অনেক সময় মানুষ আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভুল বোঝাবুঝির শিকার হয়—এই বাস্তবতাকেই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একজন নারী কীভাবে নিজের মর্যাদা ও সততা ধরে রাখেন, সেটিই গল্পের মূল প্রতিপাদ্য।
তিনি আরও জানান, ছবিতে একজন নারী, তার মাতৃভূমি ও পরিচয়ের টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার ও নারীর সম্মানকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
এদিকে সিনেমা মুক্তির আগেই সমালোচকদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন নির্মাতা। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা স্বাগত হলেও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হলে তা নজরদারির আওতায় আনা হবে।
উল্লেখ্য, প্রায় দুই বছর পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন মৌসুমী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ২০২৪ সালের ‘সোনার চর’।