প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫ সময়

চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমান বিসিএস পরীক্ষার কাঠামো তরুণদের দীর্ঘ সময় একই প্রতিযোগিতামূলক পরীক্ষার পেছনে ব্যয় করতে বাধ্য করছে, যা তাদের উৎপাদনশীল জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
সোমবার রাজধানীর সোনারগাঁওয়ে ‘গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, অনেক প্রার্থী ১৯-২০ বছর বয়স থেকে শুরু করে ৩০ বছরের বেশি সময় ধরে বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষায় অংশ নেন, যা তরুণদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। তার মতে, শুরুতেই একটি কার্যকর স্ক্রিনিং বা অ্যাপটিটিউডভিত্তিক ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে প্রার্থীরা অল্প সময়েই নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা পেতে পারেন এবং অনুপযুক্তরা দ্রুত বিকল্প পেশায় যেতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান কাঠামোতে অনেকেই বুঝতেই পারেন না এই প্রতিযোগিতা তাদের জন্য উপযুক্ত কি না। ফলে তারা দীর্ঘ সময় একই প্রক্রিয়ায় আটকে থাকেন, যা তিনি একটি “ব্যবস্থাগত সমস্যা” হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টা ডা. জাহেদ বলেন, শুধু আংশিক সংস্কার নয়, প্রয়োজনে কঠোর ও মৌলিক পরিবর্তন আনতে হবে, যা সাময়িকভাবে চ্যালেঞ্জিং হলেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে। এ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।