প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ৪:৩০ সময়

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ১৪৩২ বাংলা বর্ষবিদায় ও ১৪৩৩ বঙ্গাব্দ বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়েছে।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচি সোমবার দুপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম, সদস্য সচিব নাছির উদ্দিন, সমন্বয়ক মাস্টার শ্যামল দে এবং উপদেষ্টা সদস্য সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম। এছাড়া সাংবাদিক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, দীপক শীল ও অমিত চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নাটক, কবিগান, পাপেট শো, নৃত্য, কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান।
পাশাপাশি ১০ দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কুটির শিল্পের নানা পণ্য, নাগরদোলা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করেছে।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেবেন।