প্রকাশকালঃ ৪ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২১ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও ঢেউটিনসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক।
এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, উপজেলা প্রকৌশলী তন্ময় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি এনামুল হক বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভয় না পেয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দুর্যোগ-দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার রয়েছে। কেউ যাতে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।