প্রকাশকালঃ ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪২ সময়

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ মো. হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বনপাড়া কলেজের অধ্যক্ষ এস এম লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, ধানাইদহ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকমল হোসেন এবং তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বিস্তারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।