প্রকাশকালঃ ৬ অক্টোবর ২০২৬, রাত ৮:৪৩ সময়

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মঙ্গলবার মিরপুর-১৩ এলাকায় অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিআরটিএ কার্যালয়ের ক্যাম্পাস থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মো. মিলন ও মো. রাজীবকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এ ধরনের অভিযোগ প্রায়ই পাওয়া যায়।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।