প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২১ সময়

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় নেশাদ্রব্য মনোড্রিলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাব্বির হোসেন অনিক উপজেলার চক মুক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার একটি দল মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাদক ও মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে সাব্বির হোসেন অনিককে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।
পলাতকরা হলেন—মুক্তারপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে রবিন আলী (৩০), মোহাম্মদ আলম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩২) এবং মোহাম্মদ লিটন মিয়ার ছেলে টিটন মিয়া (৩২)।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, সম্প্রতি চারঘাটে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত সম্রাটকে আটক করা হয়েছে। এর পরদিনই ৩৬০ বোতল মনোড্রিলসহ আরও একজনকে আটক করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।