প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২০ সময়

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার প্রস্তাব ঘিরে উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই জলপথের নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ উল্লেখ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি পোস্ট করেন ট্রাম্প। এর মাধ্যমে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের বিষয়ে তাঁর আগের ইঙ্গিত আবারও সামনে এলো।
এর আগে ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব। শর্তগুলোর মধ্যে ছিল ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং লেবাননসহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এসব প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব।
তবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন—ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের পর তেহরান এখন আনুষ্ঠানিক মার্কিন জবাবের অপেক্ষায় রয়েছে।
হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত অবশ্য ট্রাম্প এর আগেও দিয়েছিলেন। গত ২ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ করা যায় কি না। পরে হোয়াইট হাউসও একই নামে একটি মানচিত্র প্রকাশ করে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে দুই দেশের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরানের সাম্প্রতিক প্রস্তাবেও প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার বিষয়টি মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিলের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে আগে দাবি করা হয়েছিল, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করছে।