প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১:০৫ সময়

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌর সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত হওয়ার ছয় দিন পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কাসেম (৫৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী ও আয়ুব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার ছিবাতলি গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে আবুল কাসেম মারা যান। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
নিহতের ছোট ভাই আবুল ফয়েজ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।