প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬, দুপুর ৩:০৭ সময়

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় মায়ের নামে থাকা জমি-সম্পত্তি নিজের নামে লিখে দিতে অস্বীকৃতি জানানোয় বৃদ্ধা মাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান শামীম (৩৭)। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬৮ বছর বয়সী আঞ্জুমান আরার নামে কিছু জমি-সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে ছেলে শামীম ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। এতে রাজি না হলে তাকে হত্যার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ৭ জুন সন্ধ্যায় বাড়ির গেটের সামনে অবস্থানকালে শামীম আবারও জমি লিখে দেওয়ার দাবি করেন। মা এতে অস্বীকৃতি জানালে হাতে থাকা একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত আঞ্জুমান আরাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও শামীম বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন রাতের খাবার শেষে বাড়ির পূর্ব পাশের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় ১৪ জুন দিবাগত রাত দেড়টার দিকে তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো ছুরি দিয়ে তার ডান পায়ের গোড়ালির ওপরের রগ কেটে গুরুতর জখম করা হয়। একই সঙ্গে গলা চেপে ধরে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করার আগে পুনরায় প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়টি ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করলে তার নির্দেশনায় অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ২৪ জুন ভুক্তভোগী আঞ্জুমান আরা বাদী হয়ে ধামইরহাট থানায় ছেলে মো. আসাদুজ্জামান শামীমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, “পিতা-মাতার ওপর নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।