প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬, রাত ৯:৪১ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:
কারবালা ইসলামের মূল চেতনা ও আদর্শকে পুনরুজ্জীবিত করেছে-গাজী আবু তাহের।
পটিয়া আমির ভান্ডারে আয়োজিত শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিবসের আলোচনা সভা গত ২১ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ সৈয়দ সায়েম উল্লাহ শাহ আমিরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আমিরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল মনছুর আমিরী। এছাড়া আওলাদে আমিরদের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা সৈয়দ ছদরুল মোস্তফা শাহ আমিরী এবং পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ আমিরী।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজবী। তিনি “মজলুম কাফেলা দামেস্কে পৌঁছার পরবর্তী ঘটনাবলি” বিষয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. আল্লামা হাসান আল আযহারী “আহলে বাইতে রাসূল (সা.)-এর শিক্ষা মুমিনের পাথেয়” শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া আল্লামা ইউছুফ জিলানী “হক ও বাতিলের পরিচয়” এবং মাওলানা আমজাদ হোসেন “সাহাবায়ে কেরামের কাছে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব” বিষয়ে বক্তব্য রাখেন।
মাহফিল উদযাপন পরিষদের চেয়ারম্যান শাহসুফী সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে গাজী আবু তাহের বলেন, “কারবালা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জীবিত করেনি; বরং ইসলামের মূল চেতনা, ন্যায়বিচার ও আদর্শকে পুনরুজ্জীবিত করেছে।” তিনি বলেন, হজরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারবালার প্রান্তরে আত্মত্যাগের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা ও সত্য প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, ৬৮০ খ্রিস্টাব্দে সংঘটিত কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, ন্যায়পরায়ণতা ও সত্যের পথে অবিচল থাকার অনন্য শিক্ষা বহন করে। এ প্রসঙ্গে তিনি কবি আল্লামা ইকবালের বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, “কাতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ।”
গাজী আবু তাহের বলেন, বর্তমান বিশ্বে ইসলামের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পটিয়াকে মাদকমুক্ত ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।