প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬, বিকাল ৬:২৫ সময়

বিরোধী দলের সমালোচনার জবাবে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদকে অযথা উত্তপ্ত করার কোনো ইচ্ছা সরকারের নেই। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঠিক আগের দিন কারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই ইতিহাসও মনে রাখতে হবে।
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বিরোধী দলের সমালোচনা গণতন্ত্রের অংশ এবং সরকার তার জবাব দেবে। তবে সমালোচনা যেন গঠনমূলক হয় এবং রাষ্ট্র গঠনের কাজে সহায়ক হয়, সেই আহ্বান জানান তিনি। তার ভাষায়, সরকার ও বিরোধী দল পালাক্রমে দায়িত্বে আসবে-এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম।
তিনি বলেন, ইসলাম নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে সংসদের পরিবেশ উত্তপ্ত করার প্রয়োজন নেই। বরং সবাইকে ১৯৭১ সালের ভূমিকা ও ইতিহাস নিয়ে আত্মসমালোচনা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রসঙ্গ টেনে স্বাধীনতার প্রাক্কালে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়টি স্মরণ করারও আহ্বান জানান।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার আহ্বান শুনে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলে মুক্তিযোদ্ধারা রয়েছেন এবং তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না।
বাজেট আলোচনায় তিনি অর্থমন্ত্রীর প্রতি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদেরও যথাযথভাবে স্মরণ করার কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোভাবেই বিস্মৃত হওয়া উচিত নয়।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস নিয়ে সংঘাত নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সংসদ পরিচালনা করা প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমান সংসদ পরিচালনায় দলীয়ভাবে কোনো সদস্যকে লিখিত বক্তব্য বা নির্দেশনা দেওয়া হয় না, যা গণতান্ত্রিক চর্চার উদাহরণ।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার সেই গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
বক্তব্যের শেষদিকে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে বিভেদ ভুলে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। তার ভাষায়, ‘বাংলাদেশ সবার আগে।’