প্রকাশকালঃ ২২ জুন ২০২৬, বিকাল ৫:৩৯ সময়

ঢাকা প্রেস প্রতিবেদক
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা, যেখানে একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ আয়-ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।
মন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবছরেও বিটিভির ব্যয় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, আর ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় দাঁড়ায় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকায়, যেখানে ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
সংসদে উপস্থাপিত হিসাব থেকে দেখা যায়, ধারাবাহিকভাবে বিটিভির ব্যয় আয়ের তুলনায় অনেক বেশি থাকায় প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীল অবস্থায় পরিচালিত হচ্ছে।