প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৬, বিকাল ৬:৫৬ সময়

চাঁদপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করলেও বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। তিনি বলেন, গণভোটের দাবি থেকে সরকার সরে আসায় জনগণ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও একটি কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি। তিনি বেকার যুবকদের জন্য দ্রুত কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, দেশে দিন দিন লোডশেডিং বাড়ছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ালেও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সমস্যাসহ নানা সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম এবং চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে ‘জুলাই পদযাত্রা’ শহরের মিশন রোড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বরে গিয়ে শেষ হয়।