প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৬, দুপুর ৪:৫৬ সময়

বিনোদন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড এবার প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। ‘মিসঅ্যালাইন্ড’ শিরোনামের কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন এলাইন ভ্যান ডেন ভেলডেন। লন্ডনভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান পার্টিকল ৬ এআই অভিনেত্রী টিলি নরউডকে তৈরি করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, তারা ইতোমধ্যে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযুক্তিবিদসহ টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের ৩০ জনের বেশি পেশাজীবীকে এআই ব্যবহারে প্রশিক্ষণ দিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ নির্মাণে পরিচালক, লেখক, সম্পাদকসহ প্রচলিত চলচ্চিত্রকর্মীদের পাশাপাশি এআই বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন। তাদের সমন্বিত কাজের মাধ্যমে প্রযুক্তি ও সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা হবে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ‘টিলিভার্স’ নামে একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। এই জগতে টিলি এমন এক এআই সত্তা, যার নিজস্ব শরীর, শৈশব বা ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। তবে মানবজাতির অসংখ্য অভিজ্ঞতা ও তথ্য তার নাগালের মধ্যে রয়েছে। সিনেমাটিতে কৈশোর, আত্মপরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বসংকটকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হবে।
পরিচালক এলাইন ভ্যান ডেন ভেলডেন বলেন, ‘মিসঅ্যালাইন্ড’ হবে একই সঙ্গে মজার, বিশৃঙ্খল ও আত্মসচেতন। তবে এর গল্পে আত্মপরিচয়, অভিনয় এবং এআইকে ঘিরে মানুষের গভীর উদ্বেগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসবে, যা অনেক ক্ষেত্রেই বাস্তব জীবনের প্রতিফলন।
তিনি জানান, টিলি নরউডকে তৈরির মূল লক্ষ্য ছিল সৃজনশীল শিল্পে এআই প্রযুক্তির বাস্তব সম্ভাবনা তুলে ধরা। এই চলচ্চিত্রের মাধ্যমে শুধু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারই প্রদর্শন করা হবে না, বরং চলচ্চিত্র-সংশ্লিষ্ট পেশাজীবীদেরও এআই-নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে।
এলাইন ভ্যান ডেন ভেলডেনের মতে, ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সৃজনশীল পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।