প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬, দুপুর ৩:০১ সময়

বাসস
নিজের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার বেলা সোয়া ১২টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে যান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি তাঁদের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সফর-পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।