প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৫ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
অক্টোবর সেবামাস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাবের একাধিক সংগঠন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া, এমিয়েবেল রোজ গার্ডেন, বাতিঘর, কসমোভ্যালী ও লায়ন্স ক্লাব চিটাগাং সিটির যৌথ উদ্যোগে পটিয়ার দক্ষিণ ভূর্ষি নয়াবাড়ি ঈদগাহ মসজিদ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং জলজ সম্পদ সংরক্ষণে মাছের পোনা অবমুক্ত করা হয়।
লায়ন লুভনা হুমায়ুন সুমির সঞ্চালনায় এবং লায়ন গোলাম কিবরিয়া টিপুর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর আরসি হেডকোয়ার্টার লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন মনিরুল ইসলাম এমজেএফ, লায়ন এ কে এম সালাউদ্দিন এমজেএফ, লায়ন সুলতানা নুরজাহান রোজী এমজেএফ ও লায়ন হুমায়ুন কবির হিমু।
এ ছাড়া লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন এস এ এম শাহাদাৎ হোসেন, কসমোভ্যালীর প্রেসিডেন্ট লায়ন নিজাম উদ্দিন, বাতিঘরের প্রেসিডেন্ট লায়ন শামসুন নাহার ফেরদৌসী ঝুমু, এমিয়েবেল রোজ গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন এন এ এম শরিফসহ লায়ন ও লিও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন পিএমজেএফ-এর মায়ের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, অক্টোবর সেবামাসের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা। পটিয়ার এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।