প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩৬ সময়

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রধানমন্ত্রী জন্য নতুন একটি রাষ্ট্রীয় বাসভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। নকশায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের মাটির নিচে বাংকার এবং টানেল বা সুড়ঙ্গ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গণপূর্ত বিভাগের পরিকল্পনা অনুযায়ী, ভবনটি এমনভাবে নকশা করা হবে যাতে বৈদেশিক নেতাদের সরকারি বাসভবনের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা যায়। সম্ভাব্য নকশায় বোমা হামলা বা জরুরি পরিস্থিতিতে সুরক্ষার জন্য ভূগর্ভস্থ বাংকার এবং নিরাপদ সংযোগ টানেল অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ বর্তমানে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে নতুন সরকারপ্রধানের জন্য আলাদা স্থায়ী বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে অবস্থান করলেও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকায় একাধিক স্থান বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ করে সচিবালয়, সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনার সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় কয়েকটি সরকারি ভবন অধিগ্রহণ করে সেখানে নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, “প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের ডিজাইন অনুসরণ করা হবে। বাংকার ও টানেলের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।”
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রকল্পটির স্থান নির্বাচন ও নকশা প্রণয়নের কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর।