প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:০০ সময়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এতে আপাতত শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সরে গেছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। তবে বাদ পড়া সব প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার সকাল ১১টা থেকে শাহবাগ থানার সামনে ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিপ্রার্থীরা। পরে রাত সাড়ে ৭টার পর আন্দোলনকারীরা ধীরে ধীরে শাহবাগ এলাকা ত্যাগ করেন।
আন্দোলনকারীরা জানান, বিভিন্ন জেলার প্রার্থীদের নিয়োগপত্র পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। বাদ পড়া সব প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ হলে সোমবার সকালে আবারও শাহবাগে জড়ো হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন তারা। তবে কারও নিয়োগপত্র প্রকাশ না হলে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে।
ভোলা থেকে আসা চাকরিপ্রার্থী শাখাওয়াত হোসেন বলেন, যেসব প্রার্থীর নাম বাদ পড়েছিল, ধাপে ধাপে তাদের নিয়োগপত্র প্রকাশ করা হচ্ছে। এতে তারা মোটামুটি সন্তুষ্ট। বাদ পড়া অন্য প্রার্থীদের নামেও নিয়োগপত্র প্রকাশ হবে বলে আশা করছেন তারা।
তিনি বলেন, ‘আগামীকাল সকালে আবারও আমরা শাহবাগে জড়ো হব। যদি সবার নিয়োগপত্র প্রকাশিত হয়, তাহলে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করব। আর যদি সবার নামে নিয়োগপত্র না আসে, তাহলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
গাইবান্ধা থেকে আসা আন্দোলনকারী সালেহীন বলেন, ‘আজকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তবে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ধাপে ধাপে বিভিন্ন জেলার নিয়োগপত্র প্রকাশিত হচ্ছে। দু-একজন বাদ পড়ছেন, যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। বাকিদের নিয়োগপত্র শিগগিরই প্রকাশ হবে বলে আমরা আশা করছি।’
এর আগে বিকেলে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সেখানে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ না পেয়ে তারা শাহবাগের অবস্থানস্থলে ফিরে আসেন।