প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৭ সময়

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে যাত্রা করা বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও এক কোচ থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন। আকস্মিক বন্যার কারণে ফ্লাইট চলাচলে জটিলতা দেখা দেওয়ায় অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের।
আটকে পড়া দলের সদস্যরা হলেন—রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং কোচ ও ফেডারেশন সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।
বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
জানা গেছে, থাই এয়ারওয়েজের যাত্রীদের একটি অংশ বন্যাজনিত এই ফ্লাইট জটিলতায় পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষও আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় আটকে থাকা খেলোয়াড় ও কোচকে বিকল্প কোনো ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।