প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ৪:১৫ সময়

দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের চিত্র দেখা গেছে বুধবার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দিনভর জাতীয় গ্রিডে চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হওয়ায় কোথাও লোডশেডিং করতে হয়নি।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার দিনের বিভিন্ন সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ সমান ছিল। ফলে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বুধবার দুপুর ১২টায় বিদ্যুতের চাহিদা ছিল ৯ হাজার ৩৩০ মেগাওয়াট এবং ঠিক একই পরিমাণ সরবরাহ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় চাহিদা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৩৬ মেগাওয়াট, তখনও সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল।
এর আগের রাতেও একই চিত্র দেখা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, উৎপাদন সক্ষমতা ও সঞ্চালন ব্যবস্থাপনার সমন্বয়ের কারণে এই পরিস্থিতি সম্ভব হয়েছে। এতে ভোক্তারা স্বস্তিতে বিদ্যুৎ ব্যবহার করতে পেরেছেন।
তবে গ্রীষ্মকালীন চাহিদা বাড়ার প্রেক্ষাপটে এই ধারাবাহিকতা বজায় রাখতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীলতা ধরে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।