প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৪৩ সময়

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এই খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তার একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।
যশোরে পৌঁছালে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি স্বেচ্ছাশ্রমে খনন করা হয়েছিল, যা ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনর্খনন করা হচ্ছে।
উলশী, যদুনাথপুর খাল খনন প্রকল্পের ঐতিহাসিক ফলক এখনও সংরক্ষিত রয়েছে। সেখানে উল্লেখ আছে, এটি বেতনা নদীর সংযোগ প্রকল্প এবং স্বেচ্ছাশ্রমভিত্তিক গণউপযোগী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর উদ্বোধন করা হয়।