প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১১:১৪ সময়

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া আহত হন। এ ঘটনার জেরে বিকেল ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অপরদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।