প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২১ সময়

তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (STEM) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী WUB STEM Carnival 2026।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন।
কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।
কার্নিভালে চারটি প্রধান ইভেন্টের আয়োজন করা হয়। এগুলো হলো—Mathematical Olympiad, Science & ICT Olympiad, Quiz Competition এবং Project Showcasing। এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেন।
আয়োজকরা জানান, কার্নিভালে মোট ৩ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ সনদ দেওয়া হয়।
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল Project Showcasing। এতে শিক্ষার্থীদের বিভিন্ন দল রোবোটিক্স, টেকসই উন্নয়ন, প্রকৌশল নকশাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। দুই থেকে চার সদস্যের দলগুলো তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বিভিন্ন ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়ার সক্ষমতা তুলে ধরে।
সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও রিসেপশনের মধ্য দিয়ে শুরু হয় কার্নিভালের কার্যক্রম। দিনব্যাপী অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, সহপাঠীদের কাছ থেকে শেখা এবং দলগতভাবে কাজ করার সুযোগ পায়। পাশাপাশি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, উপস্থাপনা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখে।
WUB STEM Carnival 2026 তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হয়।