প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:১৭ সময়

বিএনপি সরকারের উদ্যোগে দেশের ৪ কোটি পরিবার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ডের আওতায় আসবেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। ৪ কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে। কার্ডের জন্য কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।’
বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক ভারী বর্ষণের কারণে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় বড় ধরনের বন্যা দেখা দিয়েছিল। এতে মানুষ অসহায় হয়ে পড়েন। এমন পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা স্থানীয় মানুষের আগে ছিল না। জেলা প্রশাসন ও সরকার মানুষের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।
তিনি বলেন, ‘সেই চেষ্টার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে আমি মন্ত্রী হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভাষণ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, তাঁর বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এবার তিনিও জাতিসংঘে ভাষণ দেওয়ার মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এমন ঘটনা আগে কেউ করতে পারেননি এবং ভবিষ্যতে কেউ পারবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।