প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১১:১৬ সময়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গিয়েছেন।
শুক্রবার রাতে তিনি সেখানে পৌঁছালে বিমানবন্দরের তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। আরাগচির এই সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।
ইসলামাবাদে পৌঁছানোর পর আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর আগে ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। তবে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
এবারের সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপে উভয় পক্ষেই নেতৃত্বের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতবারের সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি দলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আসন্ন সংলাপে এই দুই নেতার কেউই থাকছেন না। এবার ইরানের পক্ষ থেকে আব্বাস আরাগচি আলোচনার মূল নেতৃত্বে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এ বিষয়ে টেলিফোনে আলাপ হয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকট নিরসনে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে দোহা। আন্তর্জাতিক মহলের প্রত্যাশা, এই দ্বিতীয় দফা সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি টেকসই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে।