প্রকাশকালঃ ১৬ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়

স্পোর্টস ডেস্ক
সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। পাকিস্তানি পেসার মুহাম্মদ আব্বাস-এর বল অনর্থক খোঁচা দিতে গিয়ে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটার।
মিরপুর টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জয়। প্রথম ইনিংসে ৮ ও দ্বিতীয় ইনিংসে ৫ রান করে আউট হয়েছিলেন তিনি। ফলে সিলেট টেস্টে তার দ্রুত বিদায় বাংলাদেশের জন্য শুরুতেই চাপ তৈরি করেছে।
জয়ের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। অন্য প্রান্তে রয়েছেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম।
এর আগে সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় Pakistan national cricket team। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার তানজিদের। ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন মুশফিকুর রহিম।
চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শাহজাদ। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।