প্রকাশকালঃ ১২ মে ২০২৬, দুপুর ৩:৫৮ সময়

মিরপুর টেস্ট জিততে পাকিস্তানের চাই ২৬৮ রান। হাতে গোটা দুই সেশন। অন্যদিকে, বাংলাদেশের সমীকরণটাও সরল! প্রতিপক্ষকে গুটিয়ে দাও। গতকাল চতুর্থ দিন শেষেও মনে হচ্ছিল চলমান টেস্ট ড্রয়ের দিকেই হেলে পড়ছে। তবে আজ পঞ্চম দিনের মাঝামাঝি এসে ফলাফলের আশা করাটাও বেশি বাড়াবাড়ি মনে হবে না।
২৬৮ রানের টার্গেট তাড়ায় নেমে স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। সাফল্য পেয়েছেন তাসকিন, নাহিদরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। জয়ের জন্য আরও প্রয়োজন ১৮৬ রান। অন্যদিকে, নাজমুল হোসেন শান্তদের দরকার আর ৭ উইকেট। ম্যাচের এই পরিস্থিতি থেকে যেকোনো কিছুই হতে পারে।
পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। নিজেদের ৯ উইকেটের পতনের পর ইনিংস ঘোষণা করে লাঞ্চের আগমুহূর্তে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তার ফলটাও হাতেনাতে পেয়েছেন। প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।
প্রথম ওভারের শেষ বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ২ রানে সাজঘরে ফিরেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। ফলে ৪ ওভারে ১ উইকেটে ৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতিতে যায় পাকিস্তান।
বিরতি শেষে ফিরে আউট হয়ে গেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার আজান আওয়াইস। তাকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্টে কিছুটা আড়ালেই যেন নাহিদ। দ্বিতীয় সেশনে বোলিংয়ে ফিরে নিজের প্রথম দুই ওভারে উইকেট পাননি টাইগার এই পেস সেনসেশন। উল্টো হ্যাটট্রিক চার হজম করলেন। নিজের তৃতীয় ওভারে দারুণ প্রত্যাবর্তন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে শিকার বানালেন।
এর আগে, প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউট হন।
পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।