প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৪৩ সময়

ফুটবল মাঠে আরও একবার দেখা গেল এক করুণ ট্র্যাজেডি। খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নাইজেরিয়া জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। নাইজেরিয়ার কাদুনা রাজ্যের উঙ্গওয়ান ইয়েলওয়ায় একটি প্রীতি ম্যাচ চলাকালীন ৪০ বছর বয়সী এই ফুটবলার মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে প্রথমার্ধের পুরোটা সময় স্বাভাবিকভাবে খেলেছিলেন এনেরামো। কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধের শুরুতেই।
নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় ভাগের খেলা শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি।
ফেডারেশনের ধারণা, তিনি ‘কার্ডিয়াক অ্যারেস্টে’ আক্রান্ত হয়েছিলেন। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।
সাবেক এই ফুটবলারের এমন অকাল মৃত্যুতে স্তম্ভিত নাইজেরিয়া ফুটবল ফেডারেশন। এনএফএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি শোক প্রকাশ করে বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’
মাইকেল এনেরামো নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে তাঁর অভিষেক হয় এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।
ক্লাব ক্যারিয়ারে তিউনিসিয়ার শক্তিশালী দল এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিসের হয়ে তিনি ছিলেন এক উজ্জ্বল তারকা।
তার দানবীয় শারীরিক গঠন ও গোল করার ক্ষমতার কারণে ভক্তরা তাঁকে ভালোবেসে ‘দ্য ট্যাঙ্ক’ বলে ডাকতেন। তিউনিসিয়ার নাগরিকত্ব নেওয়ার সুযোগ থাকলেও তিনি সবসময় নিজের দেশ নাইজেরিয়ার হয়ে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।
এছাড়া তিনি তুরস্কের শীর্ষস্থানীয় ক্লাব সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও মাঠ মাতিয়েছেন।
খেলার মাঠে প্রিয় তারকার এমন বিদায় যেন আবারও মনে করিয়ে দিল আধুনিক ফুটবলে খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি ও হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকির কথা।