প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৭ সময়

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের হামলা ও ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সাবেক শিবির নেতা ড. মির্জা গালিব।
ছাত্রদলের হাতে হেলমেট, রামদা, আর চাপাতি ফিরতেছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপিই যখন রাষ্ট্রের সংস্কার চায় না, ছাত্রদল আর কেন ক্যাম্পাস রাজনীতির সংস্কার চাইবে?’
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে আমরা দেখেছি, ক্ষমতায় আসার পরে সরকার দলীয় ছাত্র সংগঠন অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নেয়। তারা হলের সীট পলিটিক্স নিয়ন্ত্রণ করে, ফার্স্ট ও সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে জোর করে মিছিলে নিয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি করে।’
ঢাবি শিবিরের সাবেক এই সভাপতি লেখেন, ‘ছাত্রদল এখন যে অবস্থায় আছে, তারা কি লম্বা সময় এই রকম থাকতে পারবে? জুলাইয়ের পরে অবস্থার পরিবর্তন হইছে। বিএনপি ক্ষমতায় আসলেও ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাবান হয় নাই। এই অবস্থায় ছাত্রদলের সামনে দুইটা অপশান আছে। এক, রাজনীতির ধরন পরিবর্তন করা। দুই, একটু একটু করে বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতা দেখাইয়া জোর কইরা প্রভাব প্রতিষ্ঠা করা।’
চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঘটনা দেখে মনে হইতাছে, দ্বিতীয় পথে ছাত্রদল পথ হাটা শুরু করতেছে। হেলমেট, রামদা, আর চাপাতি ফিরতেছে তাদের হাত ধরে।’
তিনি বলেন, ‘বিএনপিই যখন রাষ্ট্রের সংস্কার চায় না, ছাত্রদল আর কেন ক্যাম্পাস রাজনীতির সংস্কার চাইবে?’
