প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২১ সময়

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের কোপে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরাইপাড়া ওয়ার্ড শিবিরের সভাপতি আশরাফুল ইসলামের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এ বিষয়ে জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ছাত্রদলের হামলায় গোড়ালি বিচ্ছিন্ন হওয়া ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
ছাত্রদলের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই বর্বরোচিত হামলার ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং পুলিশ কমিশনার এর সাথে সাক্ষাৎ করে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। সন্ত্রাসীদের পরিস্কার ছবি, ভিডিও ও পরিচয় ইতোমধ্যে জনসম্মুখে এসেছে। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
