প্রকাশকালঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:৫৭ সময়

জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের কাছ থেকেও ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এদিন মামলাটিতে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট সাতজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা এবং শহীদ তানহার বাবা। তারা আদালতে তাদের সন্তানদের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।
সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারিক প্যানেলে। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের একটি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। পাশাপাশি গাজীপুরে গুম করে হত্যার আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২ মার্চ।