প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৩০ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে ইয়াবা সেবনের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাতজনের প্রত্যেককে ২০০ টাকা করে মোট এক হাজার ৪০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত আইনানুগভাবে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন।
এদিকে একই দিনে নবীপুর পশ্চিম ইউনিয়নের একটি সরকারি স্কুলের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল ও অবৈধ ভূমি দখল প্রতিরোধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।