প্রকাশকালঃ ৪ এপ্রিল ২০২৬, রাত ৮:০৩ সময়

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইং উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়েছে দুই কমিটি। একই স্থানে পৃথকভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
জানা গেছে, আগামী ১৩ এপ্রিল রাজার মাঠে সাংগ্রাইং উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে উভয় পক্ষ। এক পক্ষ বোমাং সার্কেলের অনুমতিপত্র থাকার দাবি করছে। অন্যদিকে, অপর পক্ষ বলছে—তাদের কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি, তাই নিয়ম অনুযায়ী তারাই আয়োজনের বৈধ অধিকারী।
এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে। তাদের মতে, বান্দরবান বরাবরই সম্প্রীতির শহর হিসেবে পরিচিত, যেখানে সব সম্প্রদায়ের অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে থাকে।
সম্ভাব্য অস্থিরতা এড়াতে রাজার মাঠে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই দুই কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে এবং গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন হয়ে আগের মতোই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাংগ্রাইং উদযাপন করা সম্ভব হবে।