প্রকাশকালঃ ৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
★প্রতিশ্রুতি বাস্তবায়নে ধর্মমন্ত্রী কায়কোবাদ.....
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এ সড়কটির কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও নিত্যদিনের চলাচলে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। অবশেষে সেই দুর্ভোগ লাঘবে সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফয়সল বারী পূর্ণ, জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ এবং ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলার পর গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।