প্রকাশকালঃ ৪ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩২ সময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
দেশের শিপ রিসাইক্লিং শিল্পের টেকসই উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে বিএসবিআরএ’র প্রশাসক আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলামসহ উপদেষ্টা পরিষদ ও সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশের শিপ রিসাইক্লিং শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ বর্তমানে পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং বা ‘গ্রিন ইয়ার্ড’ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের অনেক ইয়ার্ড ইতোমধ্যে উন্নীত হয়েছে এবং বৈশ্বিক বাজারে দেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।
তারা আরও বলেন, দেশের শিপ রিসাইক্লিং কার্যক্রম ধাপে ধাপে হংকং ইন্টারন্যাশনাল কনভেনশনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বৈঠকে শিল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং এ খাতকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় দেশের শিপ রিসাইক্লিং শিল্প আরও গতিশীল হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।