প্রকাশকালঃ ১৩ মে ২০২৬, দুপুর ৪:৪০ সময়

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে ডিবি পুলিশের একটি চৌকশ দল পলাশবাড়ী থানার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা ও নারী-শিশু নির্যাতনসহ প্রায় ১০টি মামলার আসামি ইসরাফিল ইসলাম ওরফে কিনু ও মেহেদী হাসান মেনারুল-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসরাফিল ইসলাম কিনু পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মৃত ছাত্তার সরকারের ছেলে এবং মেহেদী হাসান মেনারুল একই উপজেলার ঘোড়াবান্ধা মধ্যপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি বিনষ্টের অভিযোগে সাদনান আহমেদ শুভ ও সবুজ সরকার নামে আরও দুইজনকে আটক করা হয়।
আটককৃত শুভ পলাশবাড়ী উপজেলার পুটিমারী গ্রামের সাইদার রহমানের ছেলে এবং সবুজ সরকার গাইবান্ধা সদর উপজেলার কোমরনইন কুটি পাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুভ ও সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ব্যবস্থা গ্রহণ করে নন-এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতাল্লেব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।