প্রকাশকালঃ ১৬ মে ২০২৬, দুপুর ১১:৪৪ সময়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিনগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আউয়াল দে (৬৫)। এ ঘটনায় তার ছেলে ইব্রাহিম (৩৫)-কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পাশের একটি দোকান থেকে বাড়ি ফেরেন আউয়াল দে। এ সময় বাড়ির সামনে আগে থেকেই অবস্থান করছিলেন ছেলে ইব্রাহিম। পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ইব্রাহিম তার বাবাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রীও।
খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইব্রাহিমকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
