প্রকাশকালঃ ২৩ মে ২০২৬, দুপুর ১২:০৫ সময়

শনিবার (২৩ মে) সকাল থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ও কামাইছড়া এলাকায় পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে মৌলভীবাজারগামী বিভিন্ন দূরপাল্লার বাস চলাচলে বাধা দেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে হানিফ, শ্যামলীসহ বিভিন্ন পরিবহনের বাস আটকে দেন। ফলে অনেক যাত্রীকে মাঝপথে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয়। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের শ্রমিক নেতা ছায়েদ চৌধুরী বলেন, সম্প্রতি মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে বিভাগীয় কমিশনার বিষয়টির সমাধান করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে এখনো মৌলভীবাজারের ওপর দিয়ে হবিগঞ্জের বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে মৌলভীবাজার সংশ্লিষ্ট কোনো বাস হবিগঞ্জ হয়ে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী অভিযোগ করেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের লোকজন বিরতিহীন বাস চলাচলে বাধা দিয়ে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তবে প্রশাসনের সিদ্ধান্তের প্রতি হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মিরপুর ও কামাইছড়া এলাকা থেকে অতিরিক্ত ভাড়ায় সিএনজি অটোরিকশা ও ছোট যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে যাত্রীদের।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।