প্রকাশকালঃ ২৩ মে ২০২৬, দুপুর ১২:৪০ সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে পৌঁছে তিনি বৈলর এলাকায় একটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে ত্রিশাল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে নজরুল একাডেমি মাঠে আয়োজিত জাতীয় কবির জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেও অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সফরের অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি অনুষ্ঠিত হবে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
এদিকে বহু বছর পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুলজয়ন্তী আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে।