প্রকাশকালঃ ২২ মে ২০২৬, রাত ১০:২২ সময়

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা মনি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় ঝাড়কাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে রবিউল ইসলাম তার ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে বাড়ির পাশের ঝাড়কাটা নদীতে গোসল করতে যান। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়। গোসলের একপর্যায়ে স্রোতের টানে দুই ভাই-বোন ভেসে যেতে শুরু করলে বাবা দ্রুত ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হন। তবে লিজা মনি নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের টিম লিডার আজাহারুল ইসলাম জানান, শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয় এবং পরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিজা মনির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো মহিষবাথান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।