প্রকাশকালঃ ১৪ মে ২০২৬, দুপুর ১:১২ সময়

রাজধানী ঢাকায় গতকাল বুধবার বিকেলে হঠাৎ করেই শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় নগরজুড়ে স্বস্তি ও দুর্ভোগ- দুই চিত্রই দেখা গেছে। ৪৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে অল্প সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হয়, ফলে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। তবে বৃষ্টির কারণে কিছুটা কমে আসে দিনের তীব্র গরম।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশে রোদের দাপট বাড়ায় আবারও গরম অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের মধ্যভাগে দেশের বিভিন্ন এলাকায় আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
সকালবেলার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। সম্ভাব্য ঝড়ো পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টার বিশেষ পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে রাজধানীতে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। গতকাল এ সময় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সূর্যাস্ত আজ সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যোদয় আগামীকাল ভোর ৫টা ১৬ মিনিটে হবে।