প্রকাশকালঃ ১৪ মে ২০২৬, দুপুর ২:৩৫ সময়

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একটি চক্রের ছয় চীনা নাগরিকসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে Dhaka Metropolitan Detective Police (ডিবি)।
গ্রেপ্তারদের মধ্যে চীনা নাগরিক এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু রয়েছেন। পাশাপাশি বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিনকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার প্রচারণা ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপর উত্তরা ১৩ নম্বর সেক্টর এবং তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৬৪ পোর্টের তিনটি, ৮ পোর্টের একটি এবং ২৫৬ পোর্টের একটি জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, প্রায় ২৮০টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, ৬ লাখ ৫ হাজার টাকা নগদ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা, সাইবার প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। তারা অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম ব্যবহার করে জিএসএম গেটওয়ে ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন চালাত।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনা করছিল এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে, বিশেষ করে চীনে পাচার করত।
এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।