প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬, দুপুর ২:০২ সময়

দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার।
এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে।
আজ (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক আদেশে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো পত্রে মন্ত্রণালয় জানায়, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত ‘আন্তঃমন্ত্রণালয় কমিটি’র ১ম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পত্রে আরও বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠগুলো সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শেষ হওয়ার পর এবং সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে আশেপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠগুলো উন্মুক্ত রাখতে হবে।
মাউশি অধিদপ্তর থেকে জারি করা আদেশটি দেশের সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।