প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬, দুপুর ৪:৪১ সময়

জেলায় "২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (অব.) মোহাম্মদ জসিমউদদীন। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজাউল করিম।
এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফেনী সরকারি কলেজ সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, তথ্য কর্মকর্তা এস.এম.আল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা থাকা দরকার ছিলো, দু:খজনক হলেও আমরা তা থেকে বিচ্যুত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।"
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, আমরা তৎকালীন মরহুম খাজা আহমেদের নেতৃত্বে ফেনীতে প্রতিরোধ শুরু করি। তখন সর্বস্তরের মানুষ আমাদের সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে জনসাধারণের সাহায্য সহযোগিতা না হলে এ কাজে সফল হওয়া যেতো না। মুক্তিযুদ্ধ একদিনে হয় নি। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মকে ধারণ করার আহ্বান জানান।
প্রভাষক মনিরুল ইসলাম "লারকানা ষড়যন্ত্র" থেকে শুরু করে গণহত্যার প্রেক্ষাপট, বিশ্বের অন্যান্য গণহত্যার বিবরণ, ২৫ মার্চ গণহত্যার ব্যাপকতা, আন্তর্জাতিক গণমাধ্যমে এর প্রচার এবং ২০২৬ সালে এসেও এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম অত্র প্রতিষ্ঠানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। এছাড়াও বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রতিষ্ঠানটির সক্ষমতা তুলে ধরেন।