প্রকাশকালঃ ৪ মে ২০২৬, দুপুর ৩:৪৩ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে, প্রথম অধিবেশন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, অধিবেশনটি ব্যর্থ হয়েছে এবং সংস্কার প্রস্তাব বা গণভোটের ফল বাস্তবায়ন না হলে তারা আবার রাজপথে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘৭২-এর সংবিধানকে আঁকড়ে ধরে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার পথ তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অভিযোগ নতুন নয়, বরং পুরোনো। তিনি জানান, বিরোধীদলীয় নেতারা তাদের মতামত দিতে পারেন, যেমন সরকারও তাদের অবস্থান তুলে ধরেছে।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত ও সক্রিয়। তার ভাষ্য অনুযায়ী, এই অধিবেশনে সর্বাধিক আইন প্রণয়ন হয়েছে এবং আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকার ও বিরোধী দলের উপস্থিতিতে মতবিনিময় হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় ছিল।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করেছে এবং যৌথ কমিটি গঠন করেছে, যা জনগণ প্রত্যক্ষ করেছে। যদিও মতবিরোধ ছিল, তবুও উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।
শেষে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও বিতর্ক স্বাভাবিক বিষয়। বিরোধীদল তাদের বক্তব্য দিয়েছে, সরকারও তাদের মত প্রকাশ করেছে।