প্রকাশকালঃ ৪ মে ২০২৬, বিকাল ৭:২৬ সময়

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) রাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার শিকার নারীকে সোমবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তাররা হলেন—মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা ওই দম্পতি রোববার রাত ৯টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। এ সময় তারা গাড়িটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন।
এ অবস্থায় একটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাদের পথরোধ করে। পরে আরও কয়েকজন সেখানে যোগ দেয়। ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার স্ত্রীকে জোর করে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তিনি প্রাণভিক্ষা চেয়ে কাকুতি-মিনতি করলেও অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়নি।
ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।